মালদা

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে কালিয়াচক থেকে উদ্ধার প্রচুর বোমা

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মুখে কি ফের উত্তপ্ত হয়ে উঠতে চলেছে কালিয়াচকের শান্ত পরিবেশ। এমন আশঙ্কা এখন তাড়া করে বেড়াছে এলাকার শান্তিপ্রিয় মানুষজনকে। 

        বুধবার কালিয়াচকের সুলতানগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার একটি আম বাগান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বোমা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। এলাকার কিছু মানুষ এদিন বিকেলের দিকে আমবাগানে গিয়ে দেখতে পান, বাগানের মধ্যে সন্দেহভাজন একটি ড্রাম পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী এবং বোম্ব স্কোয়াডের সদস্যরা। সন্তর্পণে ড্রামের ঢাকনা খুলতেই দেখা যায়, তার মধ্যে রয়েছে 12 টির মতো তাজা বোমা। সেগুলি অবশ্য প্লাস্টিক বোমা। এতেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। কোথা থেকে বোমাগুলি এল তা নিয়ে শুরু হয় তদন্ত। পরে পুলিশের উদ্যোগে উদ্ধার করা বোমাগুলি নিস্ক্রিয় করা হয়।

        স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বেশ কিছুদিন ধরেই শান্ত রয়েছে তাঁদের এলাকা। কিন্তু ভোটের মরশুম শুরু হতেই ফের অশান্তির আঁচ এসে পড়তে শুরু করেছে। সম্ভবত কোনো দুস্কৃতি দল এলাকায় অশান্তি ছড়াতেই বোমাগুলি রেখে গিয়ে থাকতে পারে বলে তারা মনে করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/WDiNN0XJtgo